ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
“নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান।
মৃতরা হলেন- জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)।
বগডহর গ্রামের বাসিন্দা চান বাদশা বলেন, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তিশা ও আরিয়ান। কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে প্রথমে একটি মরদেহ দেখতে পান।
“এরপর আরও একটি মরদেহ উদ্ধার হয়। পরে এলাকাবাসী দ্রুত দুই শিশুকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) তামিম রায়হান জানিয়েছেন।
