১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

কুমিল্লার হোমনা উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান।

নিহত শান্ত দাস হোমনার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

অরুণ চন্দ্র বলেন, “আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে জানলাম ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে আছে।

“তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয় অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।”

ওসি মোরশেদুল বলছেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।”

লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।