Published : 19 Jul 2026, 06:18 PM
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত খেলা উপভোগের পাশাপাশি গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আর্জেন্টিনার সমর্থকরা।
‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে এ আয়োজন চলছে।
এ উপলক্ষে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সমর্থকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, “আমরা ২০২২ সালেও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারা এবার অব্যাহত আছে।
“আমরা ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। যারা আর্জেন্টিনার সমর্থক আছি, তারা ছাড়াও এতিম ও অসহায়দের জন্য খাবারের আয়োজন করেছি।”
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, “আমরা কান্দি ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থকরা ১২টি স্থানে আট হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমরা বড় পর্দায় খেলা দেখব। এখানে যারা খেলা দেখতে আসবে, তাদেরও খাওয়ানো হবে।”