১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্চ ফর জাস্টিস: খুলনায় ২ মামলায় কারাগারে ১৪ জন

দুই মামলার প্রতিটিতে ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মার্চ ফর জাস্টিস: খুলনায় ২ মামলায় কারাগারে ১৪ জন
শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও নিহতের ঘটনায় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 08:34 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায়  কারাগারে পাঠানো হয়েছে ১৪ জনকে।

বুধবার রাতে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। প্রতিটি মামলায় ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম। 

তিনি বলেন, বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে ৩৫-৪০ আন্দোলনকারীকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে রাতে শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় ছাড়া হয়। 

“তবে ১৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এর আগে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর ময়লাপোতা মোড়, শেরে বাংলা রোড, সাতরাস্তা মোড়, শান্তিধাম মোড়, দোলখোলা মোড়, রয়্যাল মোড়, মডার্ন ফার্নিচার মোড়, মৌলভীপাড়া মোড় ও টুটপাড়া মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীরা দাবি করেন।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার কেউ সড়কে নামেননি। নগরীর রয়্যাল ও শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি।

তবে শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও নিহতের ঘটনায় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।