১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ১৪ বছর পর দুইজনকে যাবজ্জীবন

২০১১ সালের ৪ নভেম্বর রাতে বগুড়ায় কাপড় বিক্রি শেষে ফেরার পথে তাকে কুপিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানান এপিপি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

সিরাজগঞ্জে ১৪ বছর আগে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নজরুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আব্দুল লতিফ।

দণ্ড পাওয়ারা হলেন- সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী এবং শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন।

নিহত জাফর প্রামাণিক এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের তাঁত কারখানার মালিক ও কাপড় ব্যবসায়ী ছিলেন।

মামলার বরাতে এপিপি আব্দুল লতিফ বলেন, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের কাঁঠালতলা এলাকায় পৌঁছলে জাফরের গতিরোধ করা হয়।

এরপর জাফরকে কুপিয়ে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। রাতে যমুনা সেতুর পশ্চিম থানার টহলরত পুলিশ জাফরকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এপিপি আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় জাফরের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিলকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করা হয়। 

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।