Published : 16 May 2026, 10:14 PM
ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ফিলিস্তিনের মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে জেলা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কৃষ্ণচূড়া মোড় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে পুনরায় মসজিদ মোড়ে শেষ হয়।
মিছিলকারীরা ‘মসজিদ ভাঙার রাজনীতি মানি না, মানব না’, ‘মুসলিম হত্যা-হয়রানি বন্ধ করুন’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে মসজিদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. জুবায়ের, ইমাম পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মিজানুর রহমান।
বক্তারা বলেন, ভারতে মুসলিমদের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রভাব যেন বাংলাদেশের কোথাও, বিশেষ করে পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ওপর না পড়ে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ফিলিস্তিনে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন চলছে। মসজিদে নামাজরত মুসলিমদের ওপরও আক্রমণ করা হচ্ছে।
তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে সংখ্যালঘু মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই’, ‘সেভ গাজা-ফ্রি ফিলিস্তিন’ লেখা প্ল্যাকার্ডও বহন করছিলেন।