১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শেরপুরের শ্রীবরদীতে রেজাউল হত্যার চারদিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

শেরপুরে শ্রীবরদীতে সংঘর্ষে নিহত রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামে রেজাউল করিমের বাড়িতে যান জামায়াত আমির। 

এ সময় তিনি নিহত রেজাউল করিমের বৃদ্ধ বাবা ও শ্বশুরকে জড়িয়ে ধরে স্বান্তনা দেন এবং রেজাউলের তিন বছর বয়সী ছেলেসন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। এতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে শিশুটিকে কোলে নিয়েই তার বাবা রেজাউল করিমের কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন শফিকুর রহমান। 

গত ২৮ জানুয়ারি শেরপুরে-৩ আসনের ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।

তার কবর জিয়ারতের সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জামায়াত আমির। এ সময় রেজাউল হত্যার চারদিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর আগে হেলিকপ্টারে এসে রোববার সকাল ১১টায় গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন জামায়াত আমির। কবর জিয়ারত শেষে তিনি ফের হেলিকপ্টারে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান। 

এদিকে দীর্ঘদিন পর তার শেরপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ঘিরে সকাল থেকেই শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জমায়েত হন নেতাকর্মীরা।