ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ভ্যান চালক খুন, ইজিবাইক চালক আটক
দোকানের সামনে কথা কাটাকাটি দিয়ে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়দের ভাষ্য।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কথা কাটাকাটির জেরে ভ্যান চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ইজিবাইক চালককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার সড়ক বাজারে ঘটনাটি ঘটার তথ্য দিয়েছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
নিহত জীবন মিয়া (২৬) উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি ওই বাজারের ভিআইপি সুইটস নামে একটি মিষ্টির দোকানের ভ্যান চালক ছিলেন।
সাফায়েত নামে আটক ইজিবাইক চালকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা বলেন, ওই মিষ্টির দোকানের সামনে ইজিবাইক রাখা নিয়ে জীবন মিয়া ও সাফায়েতের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দুজনকে সরিয়ে দেয়।
তবে কিছুক্ষণ পর সাফায়েত একটি ছুরি নিয়ে এসে ওই দোকানের সামনেই জীবনকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে সাফায়েতকে আশপাশের লোকজন ধরে পিটুনি দেন।
পরে দুইজনকেই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানী।
ওসি ছমিউদ্দিন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘট্নায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
