১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু: শামসুজ্জোহা হলে ভিপি সোহাগ, জিএস সোয়াইব

মোস্তাফিজুর রহমান আরমান ৪৯৭ ভোট পেয়ে এজিএস হয়েছেন।

বিডিনিউজ২৪

পাভেল রহমান. আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। 

রাত সাড়ে ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা শুরু হয়েছে। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, শহীদ শামসুজ্জোহা হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে মো. আশিকুর রহমান সোহাগ ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে মো.সোয়াইব হোসেন ৫৫০ ভোট পেয়ে জয় পেয়েছেন। 

এ ছাড়া মো. মোস্তাফিজুর রহমান আরমান ৪৯৭ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন।

এদিকে রাকসুতে মুন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া ও রহমতুন্নেছা, জুলাই ৩৬, শের-ই বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ, আমির আলী, শহীদ শামসুজ্জোহা- এই ১০ হলের মোট ভোটে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন।  

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবার ভোটগ্রহণ করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।

ফলাফল ঘোষণা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের।