১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

মিম ও রাসেলের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 02:03 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম। 

নিহত মিম আক্তার (১৮) মশিপুর গ্রামের আব্দুল আলিমের মেয়ে এবং একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. রাসেলের (২০) স্ত্রী।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি সাইফুল ইসলাম বলেন, মিম ও রাসেলের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ চলছিল। 

এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাসেল তার স্ত্রীকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ওসি বলেন, “সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।” 

নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়েছে মামলা করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।