Published : 01 Feb 2026, 11:03 AM
রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। পরে রাস্তায় লাশ ফেলে রেখে ঘরে অবস্থান নিলে তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত সোহাগী খাতুন (৫৫) ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তার ছেলে সুমন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে ওসি মনিরুল বলেন, সুমন মাদকাসক্ত। শুক্রবার রাতে নেশার করার টাকার জন্য তিনি মা সোহাগীকে চাপ দেন। কিন্তু সোহাগী টাকা দিতে রাজি না হলে ধারালো হাসুয়া দিয়ে তার বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন সুমন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান।

পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। পরে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেয়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী আজিজুল ইসলাম বাদি হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।