Published : 08 Aug 2025, 09:56 PM
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান।
এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, মঙ্গলবার বিকালে লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। বর্তমানে সেখান থেকেই কোনোরকমে যাত্রী ওঠানামা করানো হচ্ছিল।
“আজ সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র্যাম্পের তার ছিঁড়ে যায়। আর একটি র্যাম্পের নিচ থেকে মাটি সরে গেছে। যেকোনো সময় এটার তারও ছিঁড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।”
মঙ্গলবার দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল।