Published : 26 May 2026, 05:13 PM
কোরবানির ঈদের দিন বৃষ্টি না হলে দিনাজপুর জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে গোর-এ-শহীদ বড় ময়দানে। সে জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
চলছে মাঠে প্রবেশের গেট তৈরির কাজ। মাঠ সংস্কারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং এবং ওজুখানার কাজও প্রায় শেষ পর্যায়ে।
দিনাজপুর পৌরসভার প্রধান সহকারী মজিবর রহমান বাচ্চু বলেন, পৌর সভার তত্ত্বাবধানে এখানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। এখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
তবে এবার সপ্তাহজুড়ে দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে পানি জমছে এবং মাঠ ভিজা থাকছে। তারপরও এখানে ঈদের জামাতের প্রস্তুতি চলছে এবং বৃষ্টি না হলে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আর যদি বৃষ্টি হয় তাহলে ময়দানের পাশের গোর-এ-শহীদ কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে স্বাধীনতার পূর্ব থেকে ঈদের জামাত হয়ে আসলেও নতুন করে সুদৃশ্য বিশাল মিনার নির্মাণ এবং মাঠ সম্প্রসারণ কর হয় ২০১৬ সালে। তখন থেকে প্রায় ২৩ একর এলাকাজুড়ে স্থাপিত এই ঈদগাঁ মাঠে ঈদের প্রধান জামাত শুরু হয়েছে।
গোর-এ-শহীদ বড় ময়দানে ৫১৭ ফুট দৈর্ঘ্য ঈদগাঁ মিনারে আছে ৫২ টি গম্বুজ। মুল মিম্বারের উচ্চতা ৫৫ ফুট। এখানে এক কাতারে ৫ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবেন।
এদিকে মঙ্গলবার মাঠ পরিদর্শন শেষে পুলিশ সুপার জিদান আল মুসা বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদ জামাতে অংশ নিতে আসা মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে নামাজ আদায়ে সব ধরনের ব্যবস্থা থাকবে।
মাঠে ওয়াচ টাওয়ারসহ প্রবেশদ্বারে তল্লাশী করা হবে। এ জন্য পুলিশ-র্যাবসহ বিভিন্ন সংস্থার গোয়েন্দা ইউনিট কাজ করবে বলে জানান তিনি।