Published : 11 Sep 2026, 10:04 PM
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীছড়ি থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
মৃত সাধন রঞ্জন চাকমা উপজেলার দুল্যাতলী ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ওসি সোহাগ বলেন, “সকালে দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা আমাদেরকে সাধন রঞ্জনের নিখোঁজের বিষয়টি জানান। পরে পুলিশ তার সন্ধানে নামে। বিকালে স্থানীয়রা ইউপি সদস্যের বাড়ির অদূরে একটি পাহাড়ে লাগোয়া গাছ থেকে সাধনের ঝুলন্ত লাশ দেখতে পান।”
তিনি বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় সাধনের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।