১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

রাতে হঠাৎ দুই শতাধিক লোক অনুষ্ঠানে হামলা চালায় বলে দাবি আয়োজকদের।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 01:59 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ্ (রা.) এর মিলাদ মাহফিল, দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের থানা ঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান।

রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, “পাঞ্জাবি-পাজামা এবং টুপি পড়া দুই শতাধিক লোক মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শতাধিক চেয়ার, মঞ্চ এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করেন।”

শিল্পী মিজান বাউলা বলেন, “৪৫ বছর ধরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.) এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কোনোদিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন হঠাৎ বড় মসজিদ মাদ্রাসার একদল লোক এসে হামলা ও ভাঙচুর শুরু করেন। 

“এতে আমাদের দুই থেকে তিনজন আহত হন। ভাঙচুর করা হয় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম এবং মঞ্চ। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। থানার সামনে এমন ঘটনা কখনো কাম্য ছিল না।”

ওসি সফিকুল ইসলাম খান বলেন, “বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ আহত হয়নি।”

বিষয়টি কেন হয়েছে, তা খতিয়ে দেখার কথা বলেছেন পুলিশের এই কর্মকর্তা।