Published : 20 Nov 2025, 05:17 PM
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ‘বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের’ সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে কোটা বিরোধী ঐক্য জোটের সমন্বয়ক নূরুল আলম হরতাল প্রত্যাহারের কথা জানান।
তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।”
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ এনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানারের আন্দোলনকারীরা।
হরতালের কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। এছাড়া রাঙামাটির সঙ্গে দূর পাল্লার সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ ছিল। তবে শহরে সীমিত পরিসরে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও।
হরতালকে কেন্দ্রে শহরে আইন-শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে বেশি দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে হরতাল পালনকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ।

এদিকে হরতালের প্রভাবে ভোগান্তিতে পড়েন শহরের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার বেলা ২টার পর থেকে শহরে যান চলাচল শুরু হয়।
অপরদিকে ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেলা সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
চেয়ারম্যান বলেন, “২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সকল প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
“কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, সকাল থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা মাঠে রয়েছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। তার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে।
শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এটি চতুর্থ দফায় স্থগিত হলো। যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় ৭ হাজার পরীক্ষার্থী।