Published : 09 Nov 2024, 04:21 PM
নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানান লালপুরের চংধুপইল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান।
নিহত মোছা. তৃষা বেগম (২০) উপজেলার ইসলামপুর এলাকার মো. সোহাগ আলীর স্ত্রী।
মনিরুজ্জামান বলেন, “তৃষাদের ঘরের লেপের মধ্যে সাপ লুকিয়ে ছিল। বিকালে লেপের ভাজ খুললে তাকে সাপ কামড় দেয়।”
“পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তৃষার মৃত্যু হয়।
এ ব্যাপারে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অন্নেসা সরকার বলেন, “অনেক দেরি করে খুব সংকটাপন্ন অবস্থায় ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিষাক্ত সাপে কামড়ানোর সব লক্ষণই তার শরীরে ছিল।
“আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম আছে কিন্তু রোগীর অবস্থার কথা বিবেচনা করে তাকে দেওয়া হয়নি। কারণ অ্যান্টিভেনমেরও তো সাইড ইফেক্ট আছে।”
তিনি আরও বলেন, “হাসপাতালের আসার পর থেকেই রোগীর স্বজনেরা বেশ উত্তেজিত ছিল। অ্যান্টিভেনম দেওয়ার পরে যদি রোগীর অবস্থা খারাপ হতো তখন উনারা বলতো ডাক্তারেরাই আরও খারাপ অবস্থা করল।”
তাই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।
লালপুর থানার পুলিশ পরিদর্শক নুরুজ্জামান এ ব্যাপারে জানতে চাইলে বলেন, “সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর ব্যাপারে আমি শুনিনি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”