১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

সবশেষ চলতি বছরের ৩০ অগাস্ট পেঁয়াজ আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

তিন মাসের বেশি বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

প্রথম দিন রকি ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। 

রোববার বিকাল ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। 

মেসার্স রকি এন্টারপ্রাইজের মালিক আতিক হাসান রুবেল বলেন, প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে ভারতের উত্তরপ্রদেশ থেকে আমদানি করা হয়েছে। সরকারের শুল্ক কর, পরিবহন ভাড়া মিলে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ হচ্ছে ৪৫-৪৬ টাকা। 

তিনি বলেন, “বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পেঁয়াজ বোঝাই ট্রাক রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পাইকার পেঁয়াজ কিনতে আসেননি। আমরা প্রতি কেজি ৭০ টাকা দাম চাচ্ছি। এভাবে পেঁয়াজ আমদানি হলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে আসবে।”

পেঁয়াজের দাম বাড়ার মধ্যে আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের আমদানিকারক, শ্রমিক ও কমিশন ব্যবসায়ীরা। 

সবশেষ চলতি বছরের ৩০ অগাস্ট পেঁয়াজ আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।