১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কৃষক কার্ড’ কৃষকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে: টুকু

টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 08:40 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

কৃষক কার্ড শুধু পরিচয়পত্র নয়, এটি কৃষকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “কৃষকদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাবাদের দিন। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সুবিধা সহজে পাবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। ”

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য টুকু বলেন, সারাদেশে একসঙ্গে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম শুরু হলেও উদ্বোধনের জন্য টাঙ্গাইল সদরকে বেছে নেওয়ায় জেলার মানুষ গর্বিত ও আনন্দিত।

অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তাদের কৃষিবান্ধব উদ্যোগ দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, এই মাটির সঙ্গে সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এখান থেকেই কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলেছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের উর্বর জমি, বনাঞ্চল ও চরাঞ্চল কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যমুনা নদীর মৎস্যসম্পদও স্থানীয় অর্থনীতির একটি বড় উৎস।

তিনি আরও বলেন, যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা গেলে কৃষকরা আরও নিরাপদে চাষাবাদ করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। কৃষক কবির হোসেন ও কৃষাণি জুলেখা বেগমও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন 

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবেপ্রধানমন্ত্রী

কিষাণ-কিষাণির হাতে উঠল কার্ডমিলল আড়াই হাজার টাকা