১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে স্বজনদের

“এখানকার আইসিইউ সংকট দূর হলে মনে হয় প্রাণহানি কমতো। এতো মায়ের বুক খালি হতো না।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 11:36 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিনই এমন মৃত্যু আতঙ্ক বাড়াচ্ছে চিকিৎসাধীন শিশুদের  স্বজনের।

মৃত ৮ মাস বয়সী শিশুটিকে বুধবার দুপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল, আর বিকালেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ এ।

বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১৩ শিশু। 

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ শিশু। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৩ শিশু। 

এদিকে প্রায় প্রতিদিনই এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হচ্ছে। সন্তান হারানোর শোক ছড়িয়ে পড়ছে চিকিৎসাধীন অন্য রোগীদের স্বজনদের মধ্যেও। পাশাপাশি বাড়ছে শঙ্কা। 

হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১২ মাস বয়সী শিশুর স্বজন হামিদা আক্তার বলেন, “প্রতিদিন মৃত্যুর কান্না শুনে খুব অসহায় বোধ করছি। ছেলেটাকে নিয়ে খুবই চিন্তিত কখন জানি কি হয়ে যায়।”

তবে হাসপাতালের আইসিইউ না থাকা নিয়ে তিনি আক্ষেপ করেন, “এখানকার আইসিইউ সংকট দূর হলে মনে হয় প্রাণহানি কমতো। এতো মায়ের বুক খালি হতো না।” 

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, “মারা যাওয়া শিশুরা হামের পাশাপাশি অন্যরোগেও আক্রান্ত। তাই তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মারা যাচ্ছে। এই সময়ে আইসিইউ খুবই দরকার ছিল। তাহলে হয়তো এতগুলো শিশু নাও মারা যেত।”