১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গেজেট থেকে বাদ পড়লেন কুড়িগ্রামের ৬ মুক্তিযোদ্ধা

সম্প্রতি ৭১ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছয়জনের নাম গেজেট বাদ দেওয়া হয়েছে; যাদের ভুয়া বলছে সরকার। 

যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে এ সিদ্ধান্ত অনুমোদন দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধারা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মো. শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম সদরের মো. আব্দুল হাই সরকার, মো. নছর উদ্দিন, উলিপুর উপজেলার মো. হাবিবুর রহমান ও নাগেশ্বরী উপজেলার মো. খবির আলী।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তদন্ত ও শুনানিতে ওই ছয়জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে গ্রহণযোগ্য কোনও প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

কুড়িগ্রাম সদর উপজেলার কমান্ডার আব্দুল বাতেন বলেন, “ওই ছয়জন দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন। হঠাৎ তাদের গেজেট বাতিল করার বিষয়টি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকে মৌখিকভাবে জানিয়েছি।”

মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ পড়া আব্দুল হাই বলেন, “আমি ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমার যাবতীয় কাগজপত্র রয়েছে। আমি খুব দ্রুত ঢাকা গিয়ে আমার কাগজপত্র জমা করব। কেন যে আমার নাম গেজেট থেকে বাতিল করল, বিষয়টি বুঝতে পারছি না।”

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

এর আগে ২৪ ডিসেম্বর ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।