Published : 05 Apr 2026, 10:21 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পানি সরাতে ফসল রক্ষা বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা-নাগেরগাতী এলাকায় এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান।
স্থানীয়রা বলেন, দত্তখিলা-নাগেরগাতী ফসলরক্ষা বাঁধের পাশে পোগলা ও বড়খাপন ইউনিয়ন। এখানে কান্দুলিয়া এবং মেদার বিলে কৃষকরা বোরো ধান চাষ করেছেন। কয়েকদিনের বৃষ্টিতে বিলে পানি জমেছে।

পোগলা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের এলাকার মেদা বিলের প্রায় ৯০০ একর ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। বিষয়টি পাশের ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো সমাধান পাইনি।
“পরে ভুক্তভোগী কৃষকরা একত্রিত হয়ে মেদা বিলের পানি নিষ্কাশনের জন্য আংশিক বাঁধ কেটে দেন। এরপর বড়খাপন ইউনিয়নের লোকজন মাইকিং করে দলবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হন।”

সংঘর্ষে আহতরা হলেন- ইসরাফিল (২৬), হেলাল শেখ (৬৫), মো. ইলিয়াস (৩৫), মুহাম্মদ (৪৫), মো. আনিস (২২), রুবেল (৩০), জুয়েল (২৫), রব মিয়া (৪২), আজাহারুল ইসলাম (২৬), মাসুদ (৪০), জামাল (৪০), আবদুল কাইয়ুম (৩৫), হাক্কুল (৩২), তফিকুল ইসলাম (২৫)।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এ ব্যাপারে জানতে বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন কাজ করছে।