১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ-১: ধানের শীষে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

“আমাকে উনি ডাকলে আমি অবশ্যই যাব। কিন্তু যদি না ডাকেন তাহলেও আমি আমার মতো করে ধানের শীষের পক্ষে কাজ করে যাব।”

নারায়ণগঞ্জ-১: ধানের শীষে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর
নারায়ণগঞ্জ-১ আসনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

নারায়ণগঞ্জ-১ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন।

বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান যুবদলের কেন্দ্রীয় কমিটির (বহিষ্কৃত) সহসাধারণ সম্পাদক দুলাল। 

রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার সঙ্গে দুলাল হোসেনও এখানে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। 

তবে মনোনয়ন না পেলেও ‘বিদ্রোহী’ হয়ে জাহাজ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে থাকেন তিনি। পরে দল তাকে সকল পদ থেকে বহিষ্কার করে।

এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি হুমকি-ধমকির কারণে প্রচারণায় নামতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দুলাল হোসেন। প্রশাসনও পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান তিনি।

এর মধ্যে নিরাপত্তা শঙ্কায় প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবার আবেদনও করেন। মঙ্গলবার তিনি একটি রিভলবারের লাইসেন্সও পান। 

কিন্তু অস্ত্রের লাইসেন্স পাবার পরদিনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন দুলাল।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পেছনে কোনো চাপ ছিল কিনা জানতে চাইলে দুলাল মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো চাপের কথা বলবো না। আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী লোক, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সরে দাঁড়ালাম। আমি ধানের শীষকেই সমর্থন দিলাম।”

ধানের শীষ প্রতীকের প্রার্থী আহ্বান জানালে তার পক্ষে প্রচারে নামার কথাও জানিয়েছেন দুলাল।  তিনি বলেন, “আমাকে উনি ডাকলে আমি অবশ্যই যাব। কিন্তু যদি না ডাকেন তাহলেও আমি আমার মতো করে ধানের শীষের পক্ষে কাজ করে যাব।”

এদিকে দুলাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও ব্যালটে তার নামে বরাদ্দ জাহাজ প্রতীকটি থাকছে বলে জানিয়েছেন আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।