সাভারে চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে ব্যবসায়ীকে হত্যা
তিনি বাড়িতে একা বসবাস করতেন।
ঢাকার সাভার উপজেলায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর দুই চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই জাকির হোসেন।
নিহত দেলোয়ার হোসেন (৫০) ওই এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে জুতা কিনে দোকানে দোকানে বিক্রি করতেন।
পুলিশ জানায়, বিকালে ঘরে লাশ দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এসআই জাকির হোসেন বলেন, দেলোয়ারের দুই চোখ উপড়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় একা বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে যেকোনো সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কারা কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
