১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

এলাকাবাসী বলছে, মধ্যরাতের কোনো এক সময় কে বা কারা কবরস্থানের ভেতরে প্রবেশ করে নয়টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 06:37 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি হয় বলে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার সকালে টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে স্থানীয়রা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

এলাকাবাসী বলছে, টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে প্রায় অর্ধশত কবর রয়েছে। কবরস্থানটি চারদিকে বেষ্টনী দিয়ে ঘেরা হলেও বুধবার মধ্যরাতের কোনো এক সময় ভেতরে প্রবেশ করে নয়টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী কবরের ওপর ফেলে রাখা মাটি ও বাঁশের স্তূপ দেখতে পান। সন্দেহ হলে তারা ভেতরে গিয়ে একাধিক কবর খোঁড়া অবস্থায় পান।

স্থানীয় বাসিন্দ আব্দুল হাকিম বলেন, “বুধবার রাত ১০টার দিকেও আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে মানুষের চলাচল প্রায় থাকে না। সেই সুযোগে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। আমাদের গ্রামের কয়েকজন মৃত মানুষের কঙ্কালও চুরি হয়েছে।”

এ প্রসঙ্গে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু বলেন, “সকালে কঙ্কাল চুরির খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। 

“আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের কার্যকর হস্তক্ষেপ আশা করছি।”

ওসি শহিদুল ইসলাম বলছেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।