Published : 19 Mar 2026, 10:02 PM
ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামে ফিরেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার রাশেদুল হাসান সুমন; যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল। তার স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আসমা খানম আশা।
বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। এ সময় নবদম্পতিকে বরণ করে নিতে মাঠে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা।
এ ছাড়া সেনা কর্মকর্তা নববধূকে এক নজর দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে।

স্বজনরা জানান, স্মরণীয় মুহূর্তকে বিশেষভাবে ধারণ করতেই নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে আগমনের এই আয়োজন করা হয়।
আইনজীবী সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর ভাগ্নে। তার মামি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বর্তমানে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুমন বলেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই স্ত্রীর সঙ্গে আকাশপথে গ্রামের বাড়িতে এসেছেন তিনি। এবার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতেই ঈদ উদযাপন করবেন তিনি।

নববধূ মেজর আসমা খানম আশা বলেন, গ্রামের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি মুগ্ধ। সেইসঙ্গে নিজের নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।