Published : 09 Nov 2025, 10:06 PM
রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও এপিবিএন। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ফার্স্ট লাইট’।
রোববার ভোররাত থেকে সারাদিন রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের চরে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১টি ‘সন্ত্রাসী বাহিনীর’ ৬৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ৬৭ জনের মধ্যে ৫৮ জন গ্রেপ্তার হয়েছে রাজশাহী রেঞ্জের রাজশাহী, পাবনা ও নাটোর জেলার চরাঞ্চলে। অন্য নয়জন গ্রেপ্তার হয়েছে খুলনা রেঞ্জের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে। এরা ‘কাঁকন বাহিনী’সহ বিভিন্ন ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য।

অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, দুটি গুলির খোসা, ২৪টি হাসুয়া, ছয়টি ডেগার, দুটি ছোরা, চারটি চাকু, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দৌলতপুরের চর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি স্পিডবোট, দুটি তাবু ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিআইজি বলেন, ‘অপারেশন ফার্স্ট লাইটে’ পুলিশের বিভিন্ন ইউনিটের এক হাজার ২০০ সদস্য অংশ নেন। এ ছাড়া র্যাব ও এপিবিএনের সদস্যরাও অভিযানে অংশ নেন।
পদ্মার চরের ‘কাঁকন বাহিনী’ ছাড়াও মণ্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনী রয়েছে।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এসব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, পারস্পরিক দ্বন্দ্বের ফলে খুন, চরের চাষি ও জেলেদের হত্যা, চরের জমি দখল, বাথানের রাখাল ও মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, মাদক ও অস্ত্র পাচার, বেআইনি অস্ত্র দখলে রাখা, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ও সর্বহারাদের আশ্রয়-প্রশ্রয় দান, পদ্মার চরের খড়ের মাঠ দখল এবং ডাকাতি। এতে অশান্ত থাকে চরাঞ্চল।
২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী খানপাড়া চার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন নিহত হন। পরবর্তীতে ‘কাঁকন বাহিনী’র প্রধান হাসিনুজ্জামান কাঁকনসহ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়।
ভেতরে থাকবে-
পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট'; 'কাকন বাহিনী'র ২১ সদস্য গ্রেপ্তার