০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’; ‘কাকন বাহিনী’র ২১ সদস্য গ্রেপ্তার

অভিযানে পুলিশ, র‌্যাব ও এপিবিএনের ১ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো ‘কাকন বাহিনী’র ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী জেলার বিস্তীর্ণ ও দুর্গম পদ্মার চরে সন্ত্রাসী ‘কাকন বাহিনী’কে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। 

অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। এতে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

রোববার ভোর ৪টা থেকে এই অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এতে পুলিশ, র‌্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। 

অভিযানে ‘কাকন বাহিনীর’ ২১ সদস্যকে গ্রেপ্তার এবং পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান। 

তিনি বলেন, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।” 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে জানিয়ে ডিআইজি মোহাম্মদ শাহজান বলেন, অভিযান অব্যাহত রয়েছে এবং বিকালে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ সদস্যদের নামে দৌলতপুর থানায় মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় তাদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে বলে জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি।