১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পূর্ব বিরোধ: নেত্রকোণায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাব্বি, বলছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

নেত্রকোণার মোহনগঞ্জে পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সোয়া ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।

নিহত রাব্বি (২২) মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার সবুজ মাস্টারের ছেলে রাবি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাব্বি তার বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন। তার সঙ্গে সুজন মিয়া ও রাবি মিয়ার পূর্ব শত্রুতা ছিল। রোববার রাতে আড়তে মাছ বিক্রি করছিলেন রাব্বি। রাত সোয়া ৮টার দিকে সুজন, রাবি ও তার লোকজন রেলস্টেশন পুকুরপাড়ে এলাকায় রাব্বিকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

“প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন রাব্বি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্যে রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর মোহনগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ওসি আমিনুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।