১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

লাভলু মিয়া ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 05:37 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুজন আহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ হত্যাকাণ্ড ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান। 

নিহত লাভলু মিয়া (৪০) উপজেলার কুস্তা গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে।

আহতরা হলেন- কুস্তা গ্রামের মৃত দীন ইসলামের ছেলে রাহাদুজ্জামান খান এবং শওকত আলীর ছেলে হিমেল।

অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাভলু নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখানে দুটি পক্ষের বিবাদ ছিল। বিবাদের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।”

বিবাদমান দুটি পক্ষই বিএনপির কি-না জানতে চাইলে ইমতিয়াজ বলেন, “রাজনৈতিক দলের বিষয় থাকতে পারে; তবে এখনই আমরা বলছি না। হত্যাকারী যে বা যারাই হোক, দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।” 

ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে কয়েকজন অস্ত্রধারী ঘিওর বাসস্ট্যান্ডে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান লাভলু। সেখানে লাভলুকে কুপিয়ে হত্যা করে অস্ত্রধারীরা।” 

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, লাভলু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বছরখানেক আগে দেশে এসেছেন তিনি।

হত্যাকাণ্ডে কারা জড়িত জানতে চাইলে শুভ বলেন, “৫ অগাস্টের পর যুবলীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা তাকে হত্যা করে থাকতে পারে।”