১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত

“স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত
প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 01:36 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তার ডান হাত বিচ্ছিন্ন করে সঙ্গে নিয়ে যায় হামলাকারীরা।

সোমবার রাতে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী মিন্টু শেখ ওরফে মিঠু শেখ মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের অহেদ শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “মিন্টু শেখ ওরফে মিঠু শেখ দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

ওসি মাহমুদুর রহমান বলেন, “মিন্টু শেখ তার বাড়ির পাশের কলাবাগানের পরিচর্যা করে বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

“এ সময় তারা মিন্টুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে কেটে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “মিন্টুর মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর তাকে হত্যার কারণ জানা যাবে।”