Published : 22 May 2026, 12:53 PM
খাগড়াছড়ির গুইমারায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার মধ্যরাতের কোন একসময়ে হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খনন কাজে ব্যবহৃত খননযন্ত্রটি পুড়িয়ে দেওয়া হয় বলে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংগ্যজয় মারমা জানান।
পিলাক খাল খনন কমিটির প্রকল্পের এ সভাপতি বলেন, “রাতের আঁধারে কে বা কারা এসে এক্সক্যাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।”
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছ গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না বলেন, “গত ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খনন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খালের বেশ কিছু অংশ খননের কাজ শেষ হয়েছে।
“এরই মধ্যে গতকাল রাতে একটি এক্সক্যাভেটরে আগুন দেওয়া হয়। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।”
এ প্রসঙ্গে গুইমারায় থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”