১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উল্টো পথে রিকশা, উল্টে গিয়ে লরি চাপায় ৩ আরোহী নিহত

“লরির চাপায় ঘটনাস্থলেই রিকশার এক আরোহী নিহত হন।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 11:45 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশা আরোহী নারী ও শিশুসহ তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।

রোববার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান।

তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সালেহ আহমেদ বলেন, “নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলের দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। পথে সড়কে পানি জমে থাকা একটি গর্তে রিকশাটি হঠাৎ উল্টে যায়।

“এ সময় লরির চাপায় ঘটনাস্থলেই রিকশার এক আরোহী নিহত হন।”

ঘটনাস্থলের পাশের দোকানি মাইনুল ইসলাম বলেন, “আমি ঘটনার সময় দোকানে ছিলাম। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকশা উল্টে গেছে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান।

“আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হয়।”

ওসি সালেহ আহমেদ বলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে একজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করেন স্থানীয়রা। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনা কবলিত লরিটি জব্দ করা হলেও চালক ও তার সরকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।