Published : 31 May 2025, 10:10 AM
মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান।
নিহত দীপক দেবনাথ (২১) চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দীলিপ দেবনাথের ছেলে। আহতরা হলেন, বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪) এবং দেলোয়ারের ছেলে সিয়াম (১৯)।
দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত বলেন, দীপকের বাবা লাউতা বাজারে ছোট্ট একটি রুটির দোকান করে। মেধাবি ছেলেটাকে ওর চাচারা লেখাপড়ায় সহায়তা করেছে, নিজের ছেলের মতো পালন করেছে।
“সংসারের হাল ধরতে একটি এনজিওতে ওর চাকরি শুরু করেছে। ফিল্ড এ কাজ করবে তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। শুক্রবার ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলো দীপক। পথে উল্টো দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে।”
স্থানীয়দের বরাতে ওসি মুমিন বলেন, শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুরগামী মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হলে স্থানীয় তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে জরুরি বিভাগের চিকিৎসক দীপককে মানিকগঞ্জ রেফার করেন। তবে পরিবারের লোকজন ঢাকার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে দীপকের মৃত্যুর পর স্থানীয়রা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার জন্য ‘মাটি বিক্রির চক্রকে’ দায়ী করছেন।
ফয়সাল নামের একজন ফেইসবুকে পোস্টে লেখেন, “বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকার আমিন ব্রিকসের পাশ থেকে একটি চক্র মাটি বিক্রি করছে। সেই মাটি বহনকারী গাড়ি চলাচলে ভাটায় প্রবেশ মুখসহ আশপাশে সড়কে কয়েকদিনের বৃষ্টিতে কাঁদায় সড়ক পিচ্ছিল হয়ে থাকে। যার কারণে এ সড়কে চলাচলে ঝূকিপূর্ণ।”