২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্থানীয় সরকার ভোটের বাজেট ৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 11:15 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। 

“এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোনো নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।”

এই পাঁচ নির্বাচনের মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, “ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে এর মাঝেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও কাজ করা হচ্ছে।”

ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানান শাহে আলম। 

এ ছাড়া আমিনবাজার ও আশুলিয়ায় পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আমরা এখানে ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করেছি। নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কের পাশে সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হলে এখানে দুটি উইন্ডমিল স্থাপন করা হবে। এসব উইন্ডমিল থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের বাতি জ্বালানোর পরিকল্পনা রয়েছে।”

ঘুরে দেখা গেছে, আমিনবাজার মহাসড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ের নির্দিষ্ট স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। এরপর সেখানে নারিকেল, সুপারি ও নিমসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি বর্জ্য ফেলা বন্ধে মহাসড়কের পাশে মজবুত নেটের বেড়া দেওয়া হয়েছে।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।