১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় গ্রেপ্তার ২৬ জন রিমান্ডে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তাদের আটক করা হয়।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় গ্রেপ্তার ২৬ জন রিমান্ডে
গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 10:22 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে করা জালিয়াতি মামলায় ২৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সদর থানার মামলায় আসামিদের মঙ্গলবার বিকালে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, সদর থানার মামলায় ২৬ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. সোহান। শুনানি শেষে প্রত্যেকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

তিনি বলেন, মামলায় মোট আসামি ৪০ জন। গ্রেপ্তার করা হয় ৩৭ জনকে। পুরুষ ২৬ জন ও নারী ১১ জন। এর মধ্যে ২৬ পুরুষ আসামিকে আদালতে হাজির করা হয়। ১১ নারী আসামিদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় রিমান্ড আবেদন করা হয়নি। মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআই সোহান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডিভাইস সরবরাহকারী, পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করা মধ্যস্বত্বভোগী, প্রশ্ন সমাধানকারী এবং বাইরে থেকে সহায়তা করা ব্যক্তিদের শনাক্তে তদন্ত করা হবে।

বিশেষ করে পরীক্ষার আগে ও চলাকালীন সময় যোগাযোগ ব্যবস্থা, অর্থ লেনদেন এবং ডিভাইস সংগ্রহের উৎস খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

শুক্রবার বিকালে পরীক্ষার সময় গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে ডিভাইসসহ মোট ৫২ পরীক্ষার্থীকে আটক করা হয়। এসব ঘটনায় তিন থানায় আলাদা পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে সদর থানার মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, পলাশবাড়ী থানার তিন মামলায় চার নারীসহ ১২ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো তদন্ত করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তারা আলাদা আলাদা রিমান্ড আবেদন করেছেন। তবে এখনো শুনানির তারিখ দেয়নি আদালত।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, এ উপজেলায় আটক তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। তাদের বিরুদ্ধে আলাদা রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন। 

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারআটক ৫২