১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের অনশনে অসুস্থ ২ শিক্ষার্থী

“একজন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে যদি দেশের মানুষের সঠিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়, সেই মৃত্যু আমরা মেনে নিব।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দাবিতে বরিশাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন।

এর মধ্যে এক শিক্ষার্থীকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে ফটকের সামনে এ ব্যবস্থা নেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম মশিউল মুনীর।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পাস করা শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান ও শাফিন মাহমুদ।

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বলেন, তাদের মধ্যে দাইয়ানকে স্যালাইন ও অক্সিজেন দিতে হয়েছে। এ সময় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম মশিউল মুনীর দাইয়ানকে বেডে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য ট্রলি নিয়ে আসেন। কিন্তু শিক্ষার্থীরা যেতে না চাইলে তাকে গেটের সামনে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়।

শাফিন মাহমুদ বলেন, “আমরা অনশন শুরু করেছি ২৪ ঘণ্টা হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা এসে যতক্ষণ না পর্যন্ত সমাধান দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করব।

“একজন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে যদি দেশের মানুষের সঠিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়, সেই মৃত্যু আমরা মেনে নিব।”

এ সময় আরেক অসুস্থ শিক্ষার্থী দাইয়ান বলেন, “আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট তাড়িয়েছি। আমাদের এক দফা আন্দোলনে যেতে বাধ্য করবেন না।”

মশিউল মুনীর বলেন, “আমার পক্ষে যা করার সেটা করেছি। হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ চলছে। দীর্ঘদিনের সমস্যা চাইলেই সমাধান সম্ভব নয়। তবে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। অনশনে থাকা শিক্ষার্থীদের সব সময় খোঁজ রেখেছি।

“সকালে অসুস্থ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদের অনশন ভঙ্গ করানোর চেষ্টা করেছি। তাদের সব কিছু বুঝিয়ে বলেছি। আমরা চেষ্টার কোন ত্রুটি নেই।  

এ সময় শিক্ষার্থী শাফিন মাহমুদ বলেন, পরিচালকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই। তার অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার উপর; তাকে আসতে হবে।

অনশনে থাকা দাইয়ানের বোন শিফা বলেন, “আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে। ছাত্র আন্দোলনে ও গুলিও খেয়েছিল। ওর যদি কিছু হয় তাহলে প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টা দায়ি থাকবেন।”

আরও পড়ুন:

স্বাস্থ্যখাত সংস্কারবরিশালে এবার সড়ক অবরোধের সঙ্গে আমরণ অনশন