Published : 16 Jul 2026, 01:29 PM
মাগুরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদেরকে জুয়া চক্রের ‘মাস্টার এজেন্ট’ বলছে পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার সাজিয়াড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং একই এলাকার তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।
তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ, বিকাশ, রকেট ও উপায়ের ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যবহৃত ৫৮টি সিমকার্ড এবং জুয়ার হিসাব-সংক্রান্ত খাতাপত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে আসছিল।
পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো বিশ্লেষণ করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মোবাইলগুলোতে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি, পাসওয়ার্ড, লেনদেনের তথ্য এবং বিভিন্ন জুয়া সাইট পরিচালনার আলামত পাওয়া গেছে।
পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন বলেন, “এটি একটি সুসংগঠিত অনলাইন জুয়া চক্র। তারা ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন করত।
“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”