১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে স্বতন্ত্র ও ধানের শীষের সমর্থকদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

নাটোর লালপুরে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

এর মধ্যে মিছিলে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর। অন্যদিকে বিএনপির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে তাদের ক্লাব ভাঙচুর করা হয়েছে। 

শুক্রবার রাত ৮টার দিকে লালপুরের কচুয়া বাজারে এসব ঘটনার পর দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান লালপুর থানার ওসি মো. মজিবুর রহমান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা মিছিল নিয়ে ধানের শীষের ক্লাবের যখন অতিক্রম করছিল, তখনই হামলা চালানো হয়। এরপর চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন চারিদিকে ছোটাছুটি শুরু করে। পরে ধানের শীষের ক্লাবে ভাঙচুরের চিত্র দেখা যায়। 

তাইফুল ইসলাম টিপু বলেন, “মিছিল নিয়ে যাওয়ার সময় আমার কর্মীদের উপরে পিছন থেকে অতর্কিত হামলা চালানো হয়েছে। বিএনপির সমর্থকেরা গুলি ছুড়তে ছুড়তে আসে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমার কর্মীদের গুরুতর জখম করা হয়েছে।

“পাঁচ থেকে সাতটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। আমার ১২ জন কর্মীকে গুরুতর আহত করা হয়েছে।”

“আবার তারাই অভিযোগ দিচ্ছি আমাদের লোকজন নাকি তাদের ক্লাব ভাঙচুর করেছে। তারা দেখাক তাদের কে আহত হয়েছে। এখানে হামলা চালিয়ে গিয়ে নিজেরা ক্লাব ভাঙচুর করে আমাদের উপরে দোষ চাপিয়েছে, বলেন টিপু। 

আহতরা হলেন- আড়বাব এলাকার ফারুক হোসেন (৪৮), জালাল উদ্দিন (৭৫), সম্রাট আলী (২৬), বড়বড়িয়ার এলাকার শরিফুল ইসলাম (৩৪), শেরপাড়া এলাকার মো. পান্না (৩২), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), শিহাব উদ্দিন (৩০), সাহেদ আলী (২০) ও ফরহাদ হোসেন (৩৭)। আর দুই জনের নাম দ্রুত জানা যায়নি। 

এদের সাত জন এখনো লালপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

পরে মিছিলে হামলার ঘটনার পরেই কচুয়া ও সালামপুর বাজারে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তাইফুল ইসলাম টিপুর সমর্থক ও অনুসারীরা। 

এ ব্যাপারে জানতে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিনের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। 

তবে তার মিডিয়া সেলের প্রধান মো. বাবু হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন, “কলসির মিছিল থেকে আমাদের ক্লাবে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। চেয়ার–টেবিলসহ সবকিছু ভাঙচুর করা হয়েছে।” 

লালপুর থানার ওসি মুজিবুল হক বলেন, “খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক রাখা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হতে পরে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।