Published : 17 Jul 2026, 06:45 PM
ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে এক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার আগে বাড়ির মালিক এক নারী ও তার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আটকরা হলেন- ওই গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং তার ছেলে পারভেজ মিয়া (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে একত্রিত করা হয়। পরে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে পুলিশ আসার আগেই বিক্ষুব্ধরা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও ব্যবসা বন্ধ করেননি। এতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আগে তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
এর আগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশে একটি মাদক নির্মূল কমিটি গঠন করে দেওয়া হয়েছিল।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শফিকুল ইসলাম বলেন, “সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে বাড়িতে আগুন দেওয়া হয়।”
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।