১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সীমান্তে উত্তেজনা: পতাকা বৈঠকে বিজিবি ও বিজিপি

বৈঠকে বিজিবির ১০ সদস্য এবং বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

সীমান্তে উত্তেজনা: পতাকা বৈঠকে বিজিবি ও বিজিপি

বৈঠকে বিজিবির ১০ সদস্য এবং বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন

কক্সবাজার প্রতিনিধি

ও টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 11:23 AM

Updated : 30 Oct 2022, 12:27 PM

সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে টেকনাফে পতাকা বৈঠকে বসেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং মিয়ানমারের বর্ডার পুলিশ-বিজিপির ব্যাটালিয়ান পর্যায়ের কর্মকর্তারা।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি ও বিজিপির ১০ জন করে সদস্য বৈঠকে অংশ নিচ্ছেন।

Image

টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবির রেস্ট হাউজে পতাকা বৈঠকে বসেছে বিজিবি এবং বিজিপি

রোববার সকাল ৯টার দিকে দুটি স্পিডবোটে করে বিজিপির ১০ সদস্য শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌছান। আর সাড়ে ৯টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা বৈঠক শুরু করেন বলে জানান শেখ খালিদ।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবির রেস্ট হাউজে বৈঠক চলছে। বিকালে প্রেস বিফ্রিংয়ে আলোচনার বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে।

প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির কারণে সীমান্তে অস্থিরতা চলছে। সীমান্তের এপারে বাংলাদেশের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আসা গোলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

Image

শাহপরীরদ্বীপ জেটি ঘাটে দুইটি স্পিডবোটে করে বিজিপির ১০ সদস্য এসে পৌছান সকালে

শেখ খালিদ বলেন, “সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানোও হয়েছিল।

“এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে মর্মে তাদের একটি চিঠি পাই। এর ভিত্তিতে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। “

বৈঠকে বাংলাদেশের তরফ থেকে কোন কোন বিষয় তোলা হবে, সে বিষয়ে কোনো ধারণা দেননি এই কর্মকর্তা।