Published : 02 Jul 2025, 02:40 PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে পুরুষ কর্মচারীদের দিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হজরত বিবি খাদিজা হলে এ তল্লাশি চালানোর পর রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এ বিক্ষোভ করেন ছাত্রীরা।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যান বলে জানিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ।
বিক্ষোভরত ছাত্রীরা বলেন, তাদের হলের বিভিন্ন কক্ষ থেকে বৈদ্যুতিক চুলা উদ্ধারে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় একাধিক পুরুষ কর্মচারী ছাত্রী হলের বিভিন্ন কক্ষে অতর্কিতে ঢুকে পড়ে তল্লাশি শুরু করেন। এতে ছাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।
নাম না প্রকাশের শর্তে বিবি খাদিজা হলের এক ছাত্রী বলেন, তিনি কয়েক দিন ধরে অসুস্থ। বিভাগে পরীক্ষা থাকায় মঙ্গলবার তিনি গ্রামের বাড়ি থেকে হলে এসে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে দরজা ধাক্কানোর শব্দে তাঁর ঘুম ভাঙে। হঠাৎ এমন শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দরজা খুলতেই হলের একজন পুরুষ কর্মচারী কক্ষে ঢুকে এদিক-সেদিক তল্লাশি করতে থাকেন।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীরা হলের নিচতলার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় হল প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে রাত সোয়া ১টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক শফিকুর রহমানসহ একাধিক সহকারী হল প্রভোস্ট ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা ছাত্রীদের অভিযোগ শুনে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে রাত আনুমানিক দুইটার দিকে ছাত্রীরা নিজেদের কক্ষে ফিরে যান।
এ বিষয়ে হল প্রভোস্ট আবদুল কাইয়ুম মাসুদ বলেন, মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ছাত্রী হলের শূন্য আসনের তালিকা তৈরি এবং রান্নার জন্য ব্যবহৃত অবৈধ বৈদ্যুতিক সামগ্রী উদ্ধারে অভিযান চালায় হল প্রশাসন।
অভিযানের কারণে রাত সাড়ে ৮টা পর্যন্ত হল প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলে অবস্থান করেছেন। তখন পর্যন্ত কোনো ছাত্রীর কাছ থেকে অভিযোগ আসেনি। পরে রাতে ছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে।
তিনি আরও বলেন, “ছাত্রীদের কক্ষে কোনো পুরুষ কর্মচারী ঢোকার সুযোগ নেই। কেউ যদি ঢুকে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”