Published : 17 May 2025, 11:08 PM
কুমিল্লা নগরীতে বিএনপির দীর্ঘদিন থেকে অব্যবহৃত মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে; হাতবোমার বিস্ফোরণও হয়েছে সেসময়।
শনিবার সন্ধ্যা ৭টার কিছু পরে নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে অবস্থিত এ কার্যালয়ের ভেতরে আসবাবে আগুন দেওয়া ও ভাঙচুরের পর সেখানে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী বলেন, যারা আগুন দিয়েছেন। তারাই কিছু সময় পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা নিভিয়ে দেন।
বিএনপির এ কার্যালয়ের মাটি দেবে নিচু হয়ে যাওয়ায় তা ব্যবহার করা হচ্ছে না। এখান থেকে এক কিলোমিটার দূরে বাদুরতলায় অস্থায়ী কার্যালয় থেকে চলছে মহানগর ও দক্ষিণ জেলার কর্মকাণ্ড।
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের দ্বন্দ্বের সূত্রে এ ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার পর দুই দিন আগে বৃহস্পতিবার ঘোষিত কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
তারা বলেন, 'অবৈধ কমিটি- মানি না মানব না’।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ মিছিল চলার সময় কয়েকজন বন্ধ থাকা বিএনপির ওই কার্যালয়ের গেট খুলে ভেতরে ঢুকে কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। কিছু পরে তাদেরই কয়েকজন আগুন নিভিয়ে সেই স্থান ত্যাগ করেন।
পরে বেশ কয়েকটি হাতবোমার শব্দ পাওয়ার কথা বলেন স্থানীয়রা।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়া কেউ দলীয় লোক হতে পারে না। কারা এ কাজ করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আজকের ঘটনার সময়ও পার্টি অফিসটি বন্ধ ছিল। আমি শুনেছি কয়েকজন যুবক পার্টি অফিসের দরজা খুলে, ভেতরে থাকা কাগজপত্র ও কাপড়ে আগুন লাগিয়ে দেয়। পরে তারাই আবার সেটা নিভিয়ে চলে যায়।”
কুমিল্লার নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে বিএনপির অব্যবহৃত কার্যালয়ের ভেতরে বৃহস্পতিবার সন্ধ্যায় আসবাব ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিলেন। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে বিরোধের রূপ নেয়।
”তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।”
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত বৃহস্পতিবার কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি করা হয়।