২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় ২ কোটি টাকার সোনার বার জব্দ, আটক ১

জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 04:25 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চারটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির। 

সোমবার সকালে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানান সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

আটক মো. ইয়াকুব আলী (৫৩) উপজেলার রাজপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে। 

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক দুপুরে সাংবাদিকদের জানান, গোপন খবর পেয়ে সকালে বিজিবির মাদরা বিওপির একটি দল ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন ইয়াকুবকে আটক করা হয়। 

পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।

জব্দ করা সোনার বারের ওজন এক কেজি ৮৯৫ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯৫ লাখ নয় হাজার ২৫ টাকা বলে ভাষ্য লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল।

তিনি বলেন, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা সোনার বার সাতক্ষীরা ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।