১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ‘জমির বিরোধে’ এক ভাইকে পিটিয়ে হত্যা, আহত আরেকজন

“হামলাকারীরা নিহতের সম্পর্কে চাচাতো ভাই। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘জমি নিয়ে’ বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ভাই।

উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ছোট জামুয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান।

নিহত ৪৮ বছর বয়সী কালাম খান ওই ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

এ ঘটনায় আহত তার বড় ভাই ৫২ বছর বয়সী লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশ সুপার বলেন, “শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ভাই কালাম ও লুৎফর বাড়ির অদূরে ছোট জামুয়া বাজারে ওষুধ কিনতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কয়েকজন পথরোধ করে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং বেদম মারধর করে ফেলে রেখে চলে যায়।

“পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কালামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর লুৎফরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠায়।”

তিনি বলেন, “হামলাকারীরা নিহতের সম্পর্কে চাচাতো ভাই। তাদের সঙ্গে কালাম ও লুৎফরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“সেই বিরোধের জেরে এ হামলা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

বাগেরহাট হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত এবং এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান।