মাদারীপুরে জমির বিরোধে চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ভাইয়ের
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তর্কের একপর্যায়ে বারেক উত্তেজিত হয়ে আলতাফের বুকে সজোরে ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাদারীপুরের শিবচরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।
নিহত আলতাফ মাদবর (৪৫) ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। ঘটনার পর থেকে পলাতক আছেন তার চাচাতো ভাই বারেক মাদবর। বারেক একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় আলতাফ মাদবরের সঙ্গে বারেক মাদবরের তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়।
দুজনের মধ্যে তর্কের একপর্যায়ে বারেক উত্তেজিত হয়ে আলতাফের বুকে সজোরে ঘুষি মারেন। এতে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন আলতাফ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে ও পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
