Published : 20 Mar 2026, 08:15 PM
দেশের সব চেয়ে বড় ঈদগাঁ মাঠ দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ।
শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ জামাতকে কেন্দ্র করে মাঠ সংস্কার, কাতার নির্ধারণ, মাইক স্থাপনসহ সকল প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।
দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সাধারণ মানুষও বিশাল এই ঈদ জামাতে অংশ নিতে অধির আগ্রহে অপেক্ষা করছে বলে পৌরসভার প্রধান সহকারী মুতিবুর রহমার বাচ্চু জানান।
স্বাধীনতার আগ থেকেই এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৬ সালে মাঠ সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণের পর প্রায় ২৩ একর এলাকাজুড়ে বৃহৎ পরিসরে জামাত আয়োজন শুরু হয়।
৫১৭ ফুট দৈর্ঘ্যের মিনারে রয়েছে ৫২টি গম্বুজ এবং মূল মিম্বারের উচ্চতা ৫৫ ফুট।
ঈদ জামাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য ও টহল পুলিশ দায়িত্ব পালন করবে।
পাশাপাশি ওয়াচ টাওয়ার ও প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থাও রাখা হয়েছে।