২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জাবিতে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

হল ছাড়তে পাঁচ কর্মদিবস সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবিতে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:44 AM

পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থী ও পোষ্যদের আবাসিক হল ছাড়তে পাঁচ কর্মদিবস সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, এ বছর ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় বৈধ শিক্ষার্থীদের স্ব স্ব হলের পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া শিক্ষার্থী ও অবৈধভাবে হলে অবস্থানকারী পোষ্যদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়। হল ত্যাগ না করলে প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেটের নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও আদেশে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “২০ অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হচ্ছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা শিক্ষার্থী শুরুর দিন থেকে নিজ নিজ আসনের দাবি রাখে। এ বছর কোনো শিক্ষার্থী যেন আবাসন সংকটে না থাকে সে ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর। 

তিনি বলেন, “আসনের মেয়াদ শেষ হয়েছে এমন শিক্ষার্থী ও পোষ্যদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। হল না ছাড়লে প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের সার্টিফিকেট স্থগিত করা হবে। এরপরও যদি তারা হল না ছাড়ে তাহলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে প্রশাসন।”

“আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি।”