ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
ঘটনার পর ঝিনাইদহে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম-ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দুপুরে নিজের ফেইসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।
এসময় তাকে ও এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় বলেও দাবি করেন তিনি।
এছাড়া হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে বলে ফেইসবুক পোস্টে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে থানার সামনে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ঘঘটনার পর ঝিনাইদহে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
