Published : 13 Aug 2026, 09:50 PM
পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন বিনোদন সুবিধা হিসেবে জায়ান্ট সুইং ও জিপ লাইন চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে আনুষ্ঠানিকভাবে এসব সুবিধার পাশাপাশি শিশুদের জন্য কিডস জোনও উদ্বোধন করেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খাগড়াছড়িতে এ ধরনের নতুন নতুন বিনোদন সুবিধা যুক্ত হলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
একই সঙ্গে এসব রোমাঞ্চকর উদ্যোগ তরুণদের মাদক থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানায়, "পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি এবং শিশুদের বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই নতুন এসব সুবিধা চালু করা হয়েছে। জায়ান্ট সুইং ও জিপ লাইনের মাধ্যমে দর্শনার্থীরা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। আর কিডস জোনে শিশুদের জন্য থাকবে বিনোদনের আলাদা ব্যবস্থা।"
তিনি জানান, ৮০০ ফুট দীর্ঘ জিপ লাইনের জন্য টিকেটের মূল্য ১০০ টাকা এবং জায়ান্ট সুইংয়ের জন্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।